নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আলম মিয়া (৩০) নামে এক রিকশাচালক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আলম মিয়া উপজেলার পড়শীপাড়া গ্রামের সহরুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আবদুল কাদের (৫৫), মোহাম্মদ মাজাহারুল (৩০) ও মোহাম্মদ ইমরান ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা আলম মিয়াকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর আহত হলে একপর্যায়ে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আলমের স্বজনরা সহযোগিতা চান। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।