
নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। মেয়ের বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় মেয়ের শ্বশুরকেই বিয়ে করেছেন এক নারী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরো এলাকায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
জানা যায়, মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকেই মেয়ের শ্বশুরের সঙ্গে ফোনে কথা বলতে বলতে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নারী। একপর্যায়ে সম্পর্ক এতটাই গভীর হয় যে স্বামীর সংসার ছেড়ে মেয়ের বাড়িতে বেড়াতে এসে শেষ পর্যন্ত নিজের বেয়াইকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।
স্থানীয়দের ভাষ্যমতে, ওই নারী একই দিনে স্বামীকে তালাক দিয়ে মেয়ের শ্বশুরকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও তিনি সাফ জানিয়ে দেন, আগের সংসারে আর ফিরবেন না। তার দাবি, “ভালোবাসা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখন একই বাড়িতে মা ও মেয়ে দুজনেই আছেন বউ হয়ে। মেয়েও মায়ের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। এমনকি মেয়ের বক্তব্য, “এখন যদি মা এই বাড়ি থেকে চলে যায় তাহলে তিনি ভেঙে পড়বেন।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বলছেন এটি ব্যক্তিগত বিষয়, আবার কেউ এটিকে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় হিসেবে দেখছেন। প্রতিদিনই কৌতূহলী মানুষ ভিড় করছেন ওই বাড়ির সামনে।