নিজস্ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ও বনগ্রাম ইউনিয়ন পরিষদের সংযোগস্থলে অবস্থিত মধ্যপাড়া বাজার (বাসস্ট্যান্ড) এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী সোমবার (২৭ এপ্রিল) সকালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
জানা যায়, বাজারের ফেরদৌস মেম্বারের পুরাতন বাড়ির পাশে ইফতেখার হোসেন বায়তুল ডাক্তারের ফার্মেসির সামনে হঠাৎ করেই ওই নারী প্রসব বেদনায় আক্রান্ত হন। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত কাপড় টানিয়ে পর্দার ব্যবস্থা করে প্রসূতিকে সহায়তা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজারে উৎসুক জনতা ভিড় জমায় এবং মা ও নবজাতককে দেখতে আসে। এ সময় অনেকেই শিশুটির দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে শিশুটির পিতৃ পরিচয় নিয়ে বিভিন্ন প্রশ্নও উঠতে দেখা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং এমন ঘটনার পেছনে দায়ীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।