নিজস্ব প্রতিনিধি।
মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়। এরপর প্রায় এক বছর নিয়মিত যোগাযোগ থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে রংপুরের পীরগঞ্জের তরুণী আবিদা সুলতানাকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী চীনা যুবক ঝাওহুইয়ান। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আয়ানের বাড়ি চীনের সিচুয়ান প্রদেশে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে আবিদার সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ২৫ আগস্ট বাংলাদেশে আসেন আয়ান। ঢাকায় পৌঁছানোর পর বাসে রংপুরে যান এবং পরে পীরগঞ্জে গিয়ে আবিদার সঙ্গে দেখা করেন। গত ৯ সেপ্টেম্বর রংপুরে ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয় আয়ান ইসলাম।
পরদিন পারিবারিকভাবে আবিদার সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। চীন থেকে ভালোবাসার টানে বাংলাদেশে এসে বিয়ে এবং ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।